স্টাফ রিপোর্টার :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ালীগ ফরিদপুর শহরের মশাল মিছিলে ছাত্রদল-স্বেচ্চাসেবক দলের ধাওয়ায়- ছত্রভঙ্গ হয়ে যায় । শহরের টেপাখোলা মহল্লা এলাকায় মুজিব সড়কে এ মিছিলটি বের করা হয় গতকাল রবিবার রাত ১০টার পরে। সেখানে “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে”, “অবৈধ নিষেধাজ্ঞা মানি না মানবো না।
অবিলম্বে প্রত্যাহার করতে হবে”-দাবি সম্বলিত ব্যানার নিয়ে ফরিদপুর শহরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখ।

তবে ক্ষণস্থায়ী এ মিছিলটি ছাত্রদল ও স্বেচ্চাসেবক দলের নেতা কর্মীদের হামলায় ছত্রভংগ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ব্যানার ও সাতটি মশাল জব্দ করে ফরিদপুর কোতয়ালী থানায় নিয়ে যায়।
এ সংক্রান্ত ১ মিনিট ৩৮ সেকেন্ডর একটি ভিডিও রবিবার রাত ১১টার দিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক এর ফেসবুক আইডিতে আপলোড করা হয়।
ওই ভিডিও আপলোড করে ইশতিয়াক লেখেন, “ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে ফরিদপুর শহরে আজ রাতে মশাল মিছিল”।
ওই ভিডিওতে দেখা যায় আনুমানিক ২০/২৫ জন তরুণকে মশাল হাতে শ্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখা যায়। তাদের “জয় বাংলা”, জয় বঙ্গবন্ধু”, শেখ হাসিনা ভয় নাই-রাজপথ ছাড়ি নাই”, “শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে”, “শেখ হাসিনা”, “শেখ হাসিনা”, “শেখ হাসিনা” শ্লোগান দিতে শোনা যায়।
ঘটনার দুই প্রত্যক্ষদর্শী জানান, মিছিলটি টেপাখোলা হাট এলাকা থেকে শুরু হয়ে সরকারি ইয়াছিন কলেজের সামনে দিয়ে মুজিব সড়ক হয়ে টেপাখোলা কোহিনূর লাইব্রেরীর সামনে দিয়ে লেকপাড় মোড় এলাকায় অবস্থিত সোনালী ব্যাংকের সামনে যায়।
ওই সময় ওই মোড়ে আগে থেকে অবস্থান করা জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল কারীদের ধাওয়া দিলে মিছিলকারীরা ব্যানার ও মশাল ফেলে দিয়ে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বৈরাগী স্কুল) দিকে পালিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা স্বেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার শিথিল সাংবাদিকদের বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মশাল মিছিল করতে দেখে আমরা তাদের বাঁধা দেই। আমাদের সাথে বিহারী করোনীর লোকজনও অংশ নেয়। আমাদের বাধার মুখে মিছিলকারীরা ব্যানার ও মশাল সড়কে ফেলে ছত্রভংগ হয়ে পালিয়ে যায়। পরে আমিসহ আমাদের কর্মীরা ফেলে যাওয়া ব্যানার ও ১১টি মশাল জব্দ করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)র কাছে জমা দেই।
তিনি আরও বলেন, টেপাখোলা এলাকার মাদক ব্যবসায়ী হাত কাটা আখতার ও বিন্দুপাড়া এলাকার কিছু কিশোর আওয়ামী লীগের নামে বের করা এ মশাল মিছিলে অংশ নেয়।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, আওযামী লীগের ব্যানার নিয়ে শহরের টেপাখোলা এলাকায় গত রাতে মশাল মিছিল বের করা হয়। বিএনপির নেতাকর্মীদের বাধার মুখে তারা ছত্রভংগ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি ব্যানার ও সাতটি মশাল জব্দ করে থানায় নিয়ে আসে।
