স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের পদ্মা নদীবেষ্টিত ডিক্রীরচর ইউনিয়নের ধলার মোড়ে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের আয়োজনে শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয়দের বেশি বেশি গাছ লাগিয়ে সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া, কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, ফরেস্টার জাহিদ হোসেন, ইউপি সদস্য মো. হায়দার আলী খান, সিরাজুল ইসলাম, কৃষকদল নেতা খায়রুজ্জামান, ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুর রব মিয়া এবং রুবেল হোসেন দুল্লালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, “পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার বৃক্ষরোপণকে অগ্রাধিকার হিসেবে নিয়েছে, তাই প্রত্যেকে যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করেন, তাহলে সবুজায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি অনেকটাই মোকাবিলা করা সম্ভব হবে।”

এ সময় কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “ফলজ ও বনজ গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি মানুষের পুষ্টি, অর্থনৈতিক উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দিতে হবে।”
