স্টাফ রিপোর্টার:
জাতীয়করণসহ ৬ দফা দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ফোরাম ফরিদপুর জেলা শাখা।
শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা বৈষম্যের শিকার হয়ে আসছেন। তাদের চাকরি জাতীয়করণ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সুযোগ-সুবিধা নিশ্চিত করা, প্রতিটি উপজেলায় একটি করে মাদরাসা জাতীয়করণ এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের ৬ মাসের মধ্যে পেনশন প্রদানের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ইবতেদায়ী শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ে বারবার দাবি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষকরা অংশ নেন। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন, মুফতি মোস্তফা কামাল, মো: আমিনুল ইসলাম, মো: আবু জাফর, মুফতি জহিরুল ইসলাম ফরিদী, খন্দকার অহিদুজ্জামান।
