স্টাফ রিপোর্টার:
নতুন বাংলা বছর ১৪৩৩ এর শুরুতে ব্যতিক্রমী এক আয়োজন করে ফরিদপুর ওয়েলফেয়ার ফোরাম এবং বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন।
ফরিদপুরের পদ্মা নদীর চরাঞ্চলের সহস্রাধিক সুবিধা বঞ্চিত মানুষের জন্য আয়োজন করা হয় বিনামূল্যে চক্ষু ক্যাম্প।
আজ ১৪ই এপ্রিল মঙ্গলবার বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশন ও ফরিদপুর ওয়েলফেয়ার ফোরাম এর যৌথ উদ্যোগে সিএন্ডবি ঘাট সংলগ্ন আইজদ্দিন মাতুব্বর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় চক্ষু শিবির আয়োজন করা হয়ে। শিবিরে মোট ৬৪৯ জন চক্ষু রোগীর প্রাথমিক চিকিৎসা ও ছানী পড়া রোগী বাছাই করা হয়। ছানী অপারেশনের জন্য মোট ৩০৭ জন রোগী বাছাই করা হয়। বাছাইকৃত রোগীদের পর্যায় ক্রমে আনোয়ারা-হামিদা চক্ষু হাসপাতালে অপারেশন করা হবে। এছাড়া বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীর চক্ষু পরীক্ষা করা হয়। ১৩ জন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করা হয়। শিক্ষার্থীদের মাছে উপহার সামগ্রী ও টিফিন বিতরন করা হয়। নববর্ষ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে ফোরামের সভাপতি কর্নেল (অব:) ফারুক ইয়া আজম, উপদেষ্টা আবুল কালাম আজাদ, বিডিএফ এর নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, ডাঃ মোহসীন বেগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সকাল ৯ টা থেকে বিকেল পর্যন্ত চলে রোগী বাছাই। বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মহসিন বেগ এর তত্ত্বাবধানে ফরিদপুরের আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ পর্যায়ক্রমে এই ছানী অপারেশন গুলো সম্পন্ন করবে। আয়োজনের সহযোগী হিসেবে ছিল “ডিক্রিরচর ফাউন্ডেশন,ফরিদপুর” এবং “বন্ধু ফোরাম,ফরিদপুর” সংগঠন দুটিও। গত দুই সপ্তাহ যাবৎ তাদের প্রচারণায় সফল হয় নতুন বছরের শুরুর দিনের এই চক্ষু ক্যাম্প।
রোগী ও উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, নিম্ন আয়ের ওই এলাকার মানুষের চিকিৎসা সেবা অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। শহরে গিয়ে চোখের ডাক্তার দেখানোর মত সামর্থ্য নেই অনেকেরই। হাতের দোরগোড়ায় এই স্বাস্থ্যসেবাটি পেয়ে খুশি তারা।
দিনব্যাপী এই আয়োজনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু ক্যাম্পের নির্দেশনা দেন ডাক্তার মহসিন বেগ। তিনি বলেন, এই ক্যাম্প থেকে বাছাই করা রোগীদের বিনামূল্যের ছানি অপারেশন করা হবে।
আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দৃষ্টিহীন ফাউন্ডেশনের সভাপতি ও সমকাল প্রকাশক আবুল কালাম আজাদ। তিনি বলেন , দৃষ্টিহীন ফাউন্ডেশন এর ফরিদপুরের চরাঞ্চলে এটিই প্রথম কাজ। আমরা চেষ্টা করব ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সাথে যৌথ উদ্যোগে আমাদের এই প্রয়াসকে নিয়মিত চালিয়ে যাওয়ার।
চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিশুদের চক্ষু পরীক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফরিদপুর ওয়েলফেয়ার ফোরামের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক ইয়া আজম । তিনি বলেন, ফরিদপুরের চলাঞ্চলের মানুষ এখনো অবহেলিত। তাদের শিক্ষা স্বাস্থ্য ও জীবন মান উন্নয়নে ওয়েলফেয়ার ফোরাম কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ করে চরাঞ্চলের দিকে আমাদের বিশেষ নজর থাকবে।
