স্টাফ রিপোর্টার :
জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি দ্রুত তদন্ত করা হবে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন, সরকার সে পথেই হাঁটবে।
শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির মহাসচিব ফখরুল।
তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার তদন্তের বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে এবং দ্রুত তদন্ত করা হবে। এছাড়াও যদি প্রয়োজন মনে হয় তদন্ত করতে হবে। কারণ যেহেতু বিষয়গুলো আদালতে আছে।”
নিজ আসনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফখরুল বলেন, “আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁও-১ আসনের মানুষের কাছে।
“তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।” — বিডি নিউজ
