ষ্টাফ রিপোর্টার : আইনি জটিলতার অবসান ঘটিয়ে দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগের পথ সুগম হয়েছে। রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল মঞ্জুর করে এ সংক্রান্ত রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে প্রধান শিক্ষক নিয়োগে বিদ্যমান সব আইনি বাধা দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশের প্রধান বিচারপতি-এর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন মো. রুহুল কুদ্দুস কাজল। রায় ঘোষণার পর তিনি বলেন, আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল গ্রহণ করায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ সিদ্ধান্ত দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
মামলার নথি অনুযায়ী, ২০১৭ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চাকরির ৫০ শতাংশ সময় গণনার ভিত্তিতে গ্রেডেশন তালিকা প্রণয়ন, জ্যেষ্ঠতা নির্ধারণ, প্রধান শিক্ষক পদে বেতন স্কেল এবং সংশ্লিষ্ট আর্থিক ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার দাবিতে হাইকোর্ট বিভাগ-এ একটি রিট আবেদন করেন।
রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। পরবর্তীতে ২০১৯ সালের ১১ মার্চ চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রুল আংশিকভাবে মঞ্জুর করেন।
এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে। দীর্ঘ শুনানি শেষে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার (২ জুলাই) চূড়ান্ত রায় ঘোষণা করেন। এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপর থাকা দীর্ঘদিনের আইনি অনিশ্চয়তার অবসান ঘটল।
