স্টাফ রিপোর্টার:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না
নিজস্ব প্রতিবেদক
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপি এবং খেলাপি ঋণের জামিনদাররা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আশাদুল হক।
তিনি জানান, বৈঠকে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাশুদ, আনোয়ারুল ইসলাম সরকার, বেগম তাহমিদা আহমেদ ও আবুল ফজল মো. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধনের বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। এসব সংশোধনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের আইনি কাঠামো আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী অক্টোবর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার লক্ষ্য নিয়ে প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা গেছে।
নতুন সিদ্ধান্ত কার্যকর হলে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের যোগ্যতা নির্ধারণে আরও কঠোরতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
