স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসসের) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন দৈনিক দেশ রূপান্তরের প্রধান সম্পাদক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)।
মঙ্গলবার এক বছরের জন্য তাকে এ দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি ও আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সাংবাদিক কামাল উদ্দিন সবুজকে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের সময় বাসসের এমডির দায়িত্বে থাকা মাহবুব মোর্শেদ বর্তমান সরকার ক্ষমতায় আসার পরদিন ১৮ ফেব্রুয়ারি কর্মীদের বিক্ষোভের মুখে অফিস ছেড়ে যান। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর তা তদন্তে কমিটি করে তথ্য মন্ত্রণালয়। পরে পদত্যাগ করেন মাহবুব মোর্শেদ। এরপর ১ এপ্রিল তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার।
মাহবুব মোর্শেদ ১৮ ফেব্রুয়ারি অফিস ছেড়ে যাওয়ার পর থেকে বাসসের এ পদ খালি ছিল।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সাংবাদিক কামাল উদ্দিন সবুজ বার্তা সংস্থা ইউএনবি ও বাসসে কাজ করেছেন।
১৯৮৫ সালে ‘ডেইলি নিউজে’ সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা কামাল উদ্দিন সবুজ।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর লেখক ও সাংবাদিক মাহবুব মোর্শেদকে ২০২৪ সালের ১৮ অগাস্ট দুই বছর মেয়াদে বাসসের এমডি ও প্রধান সম্পাদক করে অন্তর্বর্তী সরকার।
