স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ সোমবার থেকে ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা ইস্যু পুনরায় শুরু করতে যাচ্ছে। পারস্পরিক সম্মান, মর্যাদা ও জাতীয় স্বার্থের ভিত্তিতে আঞ্চলিক সম্পর্ক পুনর্গঠনের অংশ হিসেবে বিএনপি সরকারের এ সিদ্ধান্তকে নীতিগত পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
নয়াদিল্লিতে দায়িত্বশীল বাংলাদেশি কূটনীতিকরা শনিবার রাতে জানান, ভারতের বিভিন্ন মিশন ঢাকার কাছ থেকে ভিসা কার্যক্রম পুনরায় শুরুর অনুমোদন পেয়েছে। “অনিবার্য কারণ” দেখিয়ে ২০২৫ সালের ২২ ডিসেম্বর থেকে সব ধরনের কনস্যুলার সেবা স্থগিত ছিল।
কর্মকর্তারা বলছেন, ঢাকায় রাজনৈতিক পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-এর সভাপতি এম হুমায়ুন কবির বলেন, আগামী মাসগুলোতে ভারতও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সহজীকরণে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার বলেছেন, তার সরকার দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেবে এবং জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে দক্ষিণ এশিয়ার সব দেশের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলবে।
