স্টাফ রিপোর্টার:
ফরিদপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেছেন- একদিকে বলছেন তেল নাই, গ্যাস নাই। অন্যদিকে দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন; গাড়িগুলো কি পানিতে চলে নাকি তেলে চলে? আপনারও সরকারের অংশ- সুতরাং সেই খরচের হিসাবটাও জনগণ জানতে চায়। একই সাথে তিনি বিরোধী দলকে সংসদে এসে আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে র্যালী, বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বক্তব্যকালে তিনি বিরোধীদলকে লংমার্চ না করে সংসদে এসে দাবি-দাওয়া উত্থাপনের আহ্বান জানান। তিনি বিরোধী দলের উদ্দেশ্য বলেন- ‘আজকে যখন আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি সে সময়ে বিরোধীদল নাকি লং মার্চ করছে, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে। যদি জুলাই সনদ বাস্তবায়ন করতে হয় তাহলে বিএনপি সরকারের হাত ধরে বাস্তবায়ন হবে।
আপনার একদিকে বলছেন তেল নাই গ্যাস নাই- এটা নাকি সরকারের দোষ। অন্যদিকে ঘোষণা দিচ্ছেন এক হাজার দুই হাজার তিন হাজার গাড়ি নিয়ে লংমার্চ করছেন৷ আমরা চাই সরকারি দল, বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে জনগণের জন্য কাজ করবে। আপনারা প্রতিনিয়ত সংসদে আসছেন, আপনাদের দাবি-দাওয়া সংসদে তুলে ধরেন তখন তর্ক বিতর্ক বা আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান ঐক্যবদ্ধ ভাবে আমরা করতে পারব। লংমার্চ করে তেল নষ্ট না করে পার্লামেন্টে এসে কথা বলেন।’
এ সময় তিনি ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- ‘গণতন্ত্র ফেরত এসেছে কিন্তু ষড়যন্ত্র এখনো চলছে। বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। কৃষকদের খেপানোর চেষ্টা হচ্ছে যে সারের সমস্যা আছে। স্যারের কোন সমস্যা বাংলাদেশে নেই। গত ১৭ বছর সরকার সবচেয়ে বেশি দুর্নীতি করেছে জ্বালানি খাতে; তারা বিদ্যুৎ স্থাপনা নির্মাণ করলেও উৎপাদনের ব্যবস্থা করেন নাই। আমাদের দেশের যে পরিমাণ গ্যাস মজুদ আছে সেই গ্যাস উত্তোলনেরও চেষ্টা করে নাই। গত দেড় বছরে ইউনুস সরকারও সেই খাতের উন্নতি করে নাই। সুতরাং ১৭ বছরের আর্থিক খাতের অনিয়ম ৬ মাসে দূর করা যাবে না।’
এছাড়া বর্তমানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে বলে তিনি মন্তব্য করেন। পাশাপাশি বিগত স্বৈরাচার সরকারের প্রকৃত অপরাধীদের স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচার হয়েছে এবং দেশের মাটিতে ফেরত এসে সাজা ভোগ করতেই হবে বলে তিনি জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন- ‘বিএনপি সরকারের আইন বিভাগ, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে। আমরা চাই যারা দোষী তাদের বিচার হোক। আমরা চাইনা- প্রতিহিংসা কারণে যারা অন্যায় করে নাই, যারা কোন খুন করে নাই, অবিচার করে নাই- তাদের অন্যায় ভাবে বিচার হোক।’
এর আগে নগরকান্দা মাহেন্দ্র নারায়ণ একাডেমী সংলগ্ন এলাকায় বৃক্ষরোপন করেন তিনি। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালীতে অংশগ্রহণ করেন। র্যালীটি উপজেলা ভূমি অফিস চত্ত্বরে এসে শেষ হয় এবং ভূমি অফিসের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
