স্টাফ রিপোর্টার:
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শহিদুল হাসান ফরিদপুর পৌরসভা ও জেলা পরিষদ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি দুই প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সেবার মান এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি নাগরিক সেবা আরও উন্নত ও কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

বুধবার (৫ আগস্ট) ফরিদপুর সফরকালে তিনি প্রথমে জেলা পরিষদের বিভিন্ন অবকাঠামো ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় জেলার চলমান উন্নয়ন প্রকল্পসমূহ আরও গতিশীল ও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে ফরিদপুর পৌরসভায় গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগরবাসীর সেবার মান বৃদ্ধিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
পরিদর্শন শেষে সিনিয়র সচিব ফরিদপুরের বর্জ্য ও পলিথিন প্রক্রিয়াজাতকরণ কারখানা সরেজমিনে ঘুরে দেখেন। সেখানে পরিবেশবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) বাকাহীদ হোসেন, পৌর প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সামছুল আলমসহ জেলা পরিষদ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
