স্টাফ রিপোর্টার:
ফরিদপুর ও শেরপুরে নতুন জেলা প্রশাসক দিয়েছে সরকার।বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।এতে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।এর আগে একই দিন আরেক প্রজ্ঞাপনে ঢাকার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে দায়িত্ব দেওয়া হয়।বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সরকারি প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সরকারি দপ্তরে শীর্ষ পদে পদায়ন, রদবদল শুরু করেছে। গেল মার্চেও দুই দফায় ১৬ জেলার ডিসি পদে রদবদল আনা হয়।
সরকারি নিয়ম অনুযায়ী, উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসক জেলা পর্যায়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিসির দায়িত্বের মধ্যে রয়েছে জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা তদারকি করা। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন ও তদারকির দায়িত্বও জেলা প্রশাসকের ওপর বর্তায়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এই নিয়োগ দেওয়া হয়েছে।
