স্টাফ রিপোর্টার:
চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
ভারতীয় হাই কমিশনের আয়োজনে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সঙ্গে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষের প্রাক্কালে আয়োজিত একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।
ইতিহাস ও ঐতিহ্য পরিষদ কর্তৃক বাংলাদেশের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতি ও ঋতু পরিবর্তন দ্বারা অনুপ্রাণিত নৃত্য, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলগীতি, আবৃত্তি ও চিরায়ত জারি গানসহ ঐতিহ্যবাহী বাঙ্গালি সংস্কৃতির নিদর্শনস্বরূপ বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনাসমূহ উপস্থাপন করা হয়।
চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে হাই কমিশনার এই উৎসবগুলোকে ভারত ও বাংলাদেশের মাঝে বিদ্যমান গভীর শিকড়যুক্ত অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেন, যা এই দুই দেশের সমাজ ও জনগণকে নিবিড়ভাবে সংযুক্ত করে।
