স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
সদ্য শুন্য হওয়া চার মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিতে চার সচিব নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক চার প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ আদেশ জারি করেছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন- স্থানীয় সরকার বিভাগে মো. শহীদুল হাসান,
কৃষি মন্ত্রণালয়ে রফিকুল আই মোহাম্মদ, স্বাস্থ্যসেবা বিভাগে মো. কামরুজ্জামান চৌধুরী, এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে আবদুল খালেক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়।
এর আগে, অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নয়জন সচিবের নিয়োগ গত ২৩ ফেব্রুয়ারি বাতিল করে বিএনপি নেতৃত্বাধীন সরকার। একই দিনে ধর্ম, স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে শূন্য থাকা ১২ পদের মধ্যে চারটিতে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বাকি আট পদেও শিগগিরই নিয়োগ দেওয়া হবে। পরবর্তী ধাপে কয়েকটি পদে পদোন্নতির ভিত্তিতেও সচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে সূত্রটি জানিয়েছে।
