স্টাফ রিপোর্টার :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ফরহাদ হাসান সানী ওরফে খোকন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। বাড়িতে তার স্ত্রী, ১৪ বছর বয়সী এক মেয়ে ও ৭ বছর বয়সী এক ছেলে রয়েছে।
রবিবার দুপুরে নিহতের ছোট ভাই ঢাকা পঙ্গু হাসপাতালের সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরি করতেন খোকন। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ফরহাদ হাসান সানী কোম্পানির কাজ শেষে তার ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটি প্রাইভেটকারে বাসায় ফিরছিলেন। পথে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এসময় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ফরহাদ হাসান সানী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শহরের প্রিন্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিঠু বলেন, আমার বাবা ও মা জীবিত নেই। আমাদের পরিবারে তিনি সবার বড় ছিলেন। তার মৃত্যুতে আমাদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
দূতাবাসে যোগাযোগ করে তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা চলছে বলেও জানান তিনি।
