স্টাফ রিপোর্টার :
বাংলাদেশি দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ হত্যাকাণ্ডে নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা এক বার্তায় এ তথ্য জানান। তিনি জানান, ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
তিনি জানান, লিমনের মরদেহ ইতোমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।
তিনি আরও জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফ্লোরিডার টাম্পায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এলাকায় লিমনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তবে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ব্যাপারে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাম মোর্তোজা।
লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। তারা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন।
গত ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।
প্রসিকিউটরদের দাখিল করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যা করার আগে তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, বৃষ্টির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর গত ২৬ এপ্রিল টাম্পার কাছাকাছি একটি জলপথ থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী। তবে ওই মরদেহের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
এদিকে, গ্রেপ্তার হওয়া এই হত্যাকাণ্ডের সন্দেহভাজনকে জামিন ছাড়াই কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত।
