স্টাফ রিপোর্টার :
ফরিদপুরে ঝুঁকিতে থাকা শিশুদের জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ ও নিশ্চিতকরণ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি এবং অংশীজনরা অংশ নেন।
দ্যা ফ্রিডম ফান্ডের সহযোগীতায় ও স্থানীয় শাপলা মহিলা সংস্থার আয়োজেন শনিবার সকাল ১০টায় ফরিদপুর পৌরসভার হলরুমে আয়োজিত ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্মনিবন্ধন নিশ্চিত করতে বিদ্যমান চ্যালেঞ্জ, করণীয় এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহম্মদ আব্দুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি শিশুর জন্ম সনদ তার রাষ্ট্রীয় পরিচয় বহন করে। বস্তি, ছিন্নমুল ও যৌনপল্লীতে বেড়ে উঠাদের শিশুশ্রম, বাল্যবিয়ে, পাচারসহ বিভিন্ন ঝুঁকিতে থাকা শিশুকে সুরক্ষার দিতে জন্ম নিবন্ধন তাদের সুন্দর জীবনের প্রাপ্তি বয়ে আনবে।
কর্মশালার বক্তারা বলেন, জন্মনিবন্ধন একটি শিশুর মৌলিক অধিকার। এর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব। তাই কোনো শিশুই যেন জন্মনিবন্ধন থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
কর্মশালার একপর্যায়ে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উপস্থিত থেকে সনদ প্রদান করেন। আয়োজকরা জানান, ঝুঁকিতে থাকা শিশুদের জন্মনিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডলের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলার স্থানীয় সরকারে উপপরিচালক মো: ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্র্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।
