ষ্টাফ রিপোর্টার:
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বলেছেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পবিত্র কাজ আমরা শুরু করেছি। আমাদের মানবিক প্রধানমন্ত্রী দেশের জন্য ভাবেন, ছেলেমেয়েদের জন্য ভাবেন, নতুন প্রজন্মের জন্য ভাবেন, পরিবেশের জন্য ভাবেন। তার পিতা মাতার পথ অনুসরণ করে তিনি এই কর্মসূচি এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো শুধু গ্রামগঞ্জে নয় প্রত্যেকটি স্কুল কলেজে ওয়ান স্টুডেন্ট, ওয়ান টি। একজন শিক্ষার্থী একটি গাছ এই কার্যক্রম হাতে নিয়েছে সরকার। প্রত্যেকটি শিক্ষার্থী যদি দেশে একটি করে গাছ লাগায় তাহলে বাংলাদেশে কত গাছ লাগানো হবে একটিবার চিন্তা করেন আপনারা।
সেজন্য ২৫ কোটি গাছ লাগানো কোন বড় ব্যাপার নয় যদি আমরা সকলেই এ ব্যাপারে আন্তরিক ভাবে করি।
শনিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালি ইউনিয়নের সালামতপুর গ্রামে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ এর স্মৃতি জাদুঘর চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর-১ আসনে সংসদ সদস্য ডঃ ইলিয়াস হুসাইন মোল্লা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ বাকাহীদ হোসেন, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন জাহান সহ সরকারি কর্মকর্তা ছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠের একজন লাঞ্চ নায়েক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ জাদুঘর চত্বরে গাছের চারা রোপণ করে এ জেলায় বৃক্ষ রোপনের কর্মসূচির উদ্বোধন করেন।
