স্টাফ রিপোটার :
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আলতাফ হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ফরিদপুরে শেষ হলো দুই দিনব্যাপী ‘অধ্যাপক আলতাফ হোসেন শ্রদ্ধার্ঘ্য নাট্যোৎসব–২০২৬’। ২০ ও ২১ নভেম্বর বিনোদন নাট্যদল, ফরিদপুরের আয়োজনে অনুষ্ঠিত এ নাট্যোৎসবে নাট্যকর্মী, সংস্কৃতিসেবী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে সাংস্কৃতিক অঙ্গন।
নাট্যোৎসবের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থিয়েটার আর্কাইভের কর্ণধার ড. বাবুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আরিফ হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক, সম্পাদক ও গবেষক মফিজ ইমাম মিলন।
উৎসবের মূল ভাবনায় ছিল একক অভিনয়ের শিল্পসম্ভাবনা, নাট্যনিরীক্ষা এবং মঞ্চনাটকের নান্দনিক বৈচিত্র্যকে দর্শকের সামনে তুলে ধরা। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের নাট্যদলগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় ও সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার প্রয়াস ছিল এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
দুই দিনের উৎসবে ঢাকা ও ফরিদপুরের চারটি নাট্যদল চারটি একক নাটক মঞ্চস্থ করে। নাটকগুলো হলো—নতুন প্রজন্ম থিয়েটার, ঢাকার ‘গোধূলিবেলা’; বিনোদন নাট্যদল, ফরিদপুরের ‘নটনন্দন’; দ্যাশবাংলা থিয়েটার, ঢাকার ‘সারস ডানায় পরান পাখি’ এবং খেয়ালী নাট্য সম্প্রদায়, ফরিদপুরের ‘লেডি ম্যাকবেথ’। প্রতিটি নাটকেই একক অভিনয়ের ভিন্ন ভিন্ন প্রকাশভঙ্গি, চরিত্র নির্মাণ, সংলাপ ও অভিনয়শৈলীর মধ্য দিয়ে শিল্পীরা নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন।
উৎসবের দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক ড. বিপ্লব বালা, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রিজভী জামান । তাঁর উপস্থিতি আয়োজনের গুরুত্ব ও নাট্যাঙ্গনের মানুষের পারস্পরিক সংযোগকে আরও সমৃদ্ধ করে।
নাট্যোৎসবের অন্যতম আকর্ষণ ছিল গুণীজন সম্মাননা। নাট্যচর্চা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ নাট্যকার ও পরিচালক ম. নিজাম, অভিনেতা ও পরিচালক অ্যাডভোকেট বশির আহমেদ চৌধুরী এবং তারেক মাসুদের জননী রত্নগর্ভা নুরুন্নাহার মাসুদকে সম্মাননা প্রদান করা হয়। তাঁদের অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সম্মাননা প্রদান ছিল উৎসবের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
এ ছাড়া বাংলাদেশ থিয়েটার আর্কাইভ এর সহযোগিতায় দেশের বিভিন্ন নাট্যসংগঠনের শতাধিক পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে দেশের বিভিন্ন নাট্যদলের সৃজনশীল কর্মকাণ্ড, নাট্যপ্রযোজনা ও সাংগঠনিক কার্যক্রমের পরিচয় তুলে ধরা হয়। এর মধ্য দিয়ে দর্শকরা দেশের নাট্যচর্চার বৈচিত্র্য সম্পর্কে জানার সুযোগ পান।
বিনোদন নাট্যদলের সভাপতি তন্ময় সরকার অঞ্চল জানান আয়োজনটি কেবল নাটক মঞ্চায়নের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং নাট্যকর্মীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, নতুন ভাবনার আদান-প্রদান এবং নাট্যচর্চার ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে পারস্পরিক সংযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হয়ে ওঠে।
সাধারণ সম্পাদক শরীফ খান জানান দুই দিনের এই আয়োজনে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গন এক মিলন মেলায় পরিণত হয়েছে। এই বৈরী আবহাওয়ার মধ্যেও দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মার্চ যাত্রা শুরু করা বিনোদন নাট্যদল, ফরিদপুর দীর্ঘ এক যুগ ধরে স্থানীয় নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা অতিক্রম করে দলটির এই আয়োজন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
দুই দিনের এ নাট্যোৎসবের মধ্য দিয়ে আবারও উঠে এসেছে নাটকের সামাজিক ও সাংস্কৃতিক গুরুত্ব। নাটক যে কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের বিবেক জাগ্রত করা, সমাজের অসংগতি তুলে ধরা এবং মানবিক মূল্যবোধ বিকাশের শক্তিশালী শিল্পমাধ্যম—এই আয়োজন যেন সেই বার্তাই নতুন করে পৌঁছে দিয়েছে।
