স্টাফ রিপোর্টার:
২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুরে সমকালের নিজস্ব কার্যালয়ে নির্মম হত্যাকান্ডের শিকার হয়েছিলেন সাংবাদিক গৌতম দাস। সড়ক সংস্কার ও পুনঃনির্মাণ কাজের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশ করায় প্রাণ দিতে হয়েছে তাকে। তাঁর এমন মৃত্যু সাংবাদিকদের ব্যথিত করে তুললেও সাহসিকতার অনুপ্রেরণা হিসেবে বেঁচে থাকবেন সকলের হৃদয়ে।

২১তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাব আয়োজিত স্মরনসভায় উঠে আসে তাঁর সাহসিকতার এমন অবদানের স্মৃতিচারণা৷ আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর একটায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন মোল্যা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া দিনটি উপলক্ষে ফরিদপুর শহর ও গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

ফরিদপুর প্রেসক্লাবে স্মরণসভায় তাঁর কর্মজীবন তুলে ধরে নানান স্মৃতিচারণা করেন সাংবাদিকেরা৷ তাঁরা বলেন- “গৌতম দাস ছিলেন নির্ভীক সাংবাদিক। তৎকালীন সময়ে শহরের প্রধান সড়ক ‘মুজিব সড়ক” সংস্কারের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি। এতে সংশ্লিষ্ট ঠিকাদার গোষ্ঠী ও তাদের সন্ত্রাসী চক্র তাঁর ওপর ক্ষুব্ধ হয়ে হত্যা করে। অন্যায়ের বিরুদ্ধে কথা বলায় তাকে প্রাণ দিতে হয়েছে৷ গৌতম দাসের এমন মৃত্যু আমাদের ব্যথিত করে, আবার সাংবাদিকদের জন্য সাহসিকতার অনুপ্রেরণা হয়ে থাকবে। তাঁর এই আত্মত্যাগ তাকে আজীবন স্মরণীয় করে রাখবে।
স্মৃতিচারণ করে তৎকালীন সময়ে তাঁর সহকর্মী ও সমকালের প্রতিনিধি হাসানউজ্জামান বলেন- “আমরা তিন মাস এক সাথে কাজ করেছিলাম৷ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং তৎকালীন সময়ে তাঁর জন্য সারাদেশে সাংবাদিকেরা আন্দোলন করেছিলেন। যার কারনে অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার এবং চার্জশীট দেয়া হয়েছিল।
স্মৃতিচারণ করে সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদী বলেন- “গৌতম দাস সাদাসিধে এবং ভাল মনের একজন মানুষ ছিল। অফিসে চৌকি পেতে সেখানেই থাকত। রাস্তা সংস্কারের অনিয়মের নিউজ করেছিল, নিউজটি আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর সংশ্লিষ্টরা ওর ওপর ক্ষিপ্ত হয়ে হত্যা করে। গৌতমের এমন মৃত্যু ছিল অনাকাঙ্ক্ষিত।”
গৌতম দাস রক্তে মাংসে একজন সাহসী সাংবাদিক ছিলেন- উল্লেখ করে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন- “গৌতম দাস আমাদের জন্য আদর্শ। তাকে অনুসরণ করলে আমাদের পেশার যথার্থ মূল্যায়ন হবে।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক পান্না বালা, সাজ্জাদ হোসেন রনি, মাসুদুর রহমান তরুণ ও সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারন সম্পাদক আবরাব নাদিম ইতু।
সাংবাদিক গৌতম দাস ভাঙ্গা উপজেলার চন্ডিদাসদী গ্রামে ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান ছিলেন। রাতে পত্রিকাটির ব্যুরো কার্যালয়েই অবস্থান করতেন৷ ২০০৫ সালের ১৭ নভেম্বর ভোরে দুর্বৃত্তরা ওই কার্যালয়ে প্রবেশ করে শ্বাসরোধ করে হত্যা করে তাকে। এ ঘটনায় ওইদিন সমকালের পক্ষে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন স্থানীয় প্রতিনিধি হাসানউজ্জামান। এর আট বছর পর ২০১৩ সালের ২৭ জুন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ৯ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে ভাঙ্গার চন্ডিদাসদী গ্রামে সমাধিতে সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া তার ভাইবোনদের উদ্যোগে চন্ডিদাসদী গ্রামে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালন করা হয়। তার স্ত্রী দীপালী দাসের উদ্যোগে দুপুরে শহরের বান্ধবপল্লীতে ও শ্রীঅঙ্গনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা ও শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
