স্টাফ রিপোর্টার:
রোববারের সহিংসতা ও নাশকতার ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন। সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন সড়কে টহল জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবির সাঁজোয়া যানসহ সদস্যরা জেলার গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও সরকারি স্থাপনার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সোমবার সকাল থেকেই সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে স্বাভাবিক কাজকর্ম শুরু করেছেন। শহরের সড়কগুলোতে রিকশা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে। স্কুল-কলেজ খোলা থাকায় শিক্ষার্থীরাও শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। খুলেছে শহরের অধিকাংশ দোকানপাট। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও সাধারণ মানুষের মধ্যে এখনো কিছুটা আতঙ্ক ও উদ্বেগ রয়েছে।

এদিকে, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার প্রেস কনফারেন্স করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। এ সময় তিনি জেলার বর্তমান পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বক্তব্য দেন।
তিনি এ সময় বলেন, মানুষের নিরাপত্তা ও সরকারি সম্পদ রক্ষায় দুই হাজারের বেশি পুলিশ বাহিনী সদস্য নিহিত রয়েছে গোপালগঞ্জ জুড়ে, এর বাইরে দশ প্লাটুন বিজিবি,এসআরবির একাধিক টিম কাজ করছে।
ঢাকা বিভাগে পুলিশের ডিআইজি আরো বলেন, আজ সকাল থেকে সাধারণ মানুষের চলাফেরা স্বাভাবিক রয়েছে, জেলার ৬৭ কিলোমিটার হাইওয়েতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি জানান, রবিবারের ঘটনায় পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনার কাজ করছে, ইতিমধ্যেই অনেককেই আটক করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
উল্লেখ্য, রোববার (১৫ নভেম্বর) দিনভর গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ ওঠে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়।
