স্টাফ রিপোর্টার:
আজ রাতেই হতে পারে ঝড়- বৃষ্টিপাত। সম্ভাবনা রয়েছে দেশের ১১ টি জেলা।
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরপরও কিছুতেই যেন কমছে না চৈত্রের গরম। দেশের সর্বোচ্চ তাপমাত্রাও বিরাজ করছে ৩৬ ডিগ্রির ঘরে। এই অবস্থার মধ্যেই বুধবার (১ এপ্রিল) রাতের মধ্যে দেশের ১১ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, বুধবার রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত লক্ষ্মীপুরের রামগতিতে দেশের সর্বোচ্চ ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে টাঙ্গাইলে ৩৫ মিলিমিটার ছাড়াও নেত্রকোণায় ৩২, রংপুরে ১৪, সিলেটে ১২, চট্টগ্রামের সীতাকুণ্ডে ৪ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে বুধবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি বর্ধিত ৫ দিনে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
