ঢাকা:
রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে সবজিসহ নিত্যপণ্যের দাম আরও বেড়েছে। সবজি ছাড়াও আদা, রসুনের দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের ওপর চাপ বেড়েছে। উপায় না পেয়ে বেশি দামেই পণ্য কিনতে হচ্ছে ক্রেতাদের।
রাজধানীর বাজারগুলোর মধ্যে সাধারণত সবচেয়ে কম দামে নিত্যপ্রয়োজনীয় জিনিস পাওয়া যায় কারওয়ান বাজারে। তবে এই বাজারেও পেঁপে ছাড়া এখন ৭০ টাকার নিচে আর কোনো সবজি পাওয়া যাচ্ছে না। সবজির পাশাপাশি নতুন করে চড়া হয়েছে আদা ও রসুনের দামও।

শুক্রবার কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পটল, করলা, কাঁকরোল ও ঢেঁড়স প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, চিচিঙ্গা ৭০ টাকায়, এবং লাউয়ের দাম বেড়ে ৮০ টাকায় দাঁড়িয়েছে। বাজারে কাঁচা মরিচ এবং শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়। ভারতীয় গাজর ও টমেটোর দাম কেজি প্রতি ১৫০ টাকা।
সবজি কিনতে আসা আবু মূসা বলেন, “সবজির দাম অনেক বেশি। ৭০-৮০ টাকার নিচে এখন কিছু পাওয়া যায় না। আমাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।”

কারওয়ান বাজারে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, আর দেশি শসা ৮০ টাকায়। তবে বেগুনের দাম কিছুটা কমেছে। সপ্তাহখানেক আগে গোলবেগুন কেজিতে ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছিল, এখন ১০০ থেকে ১২০ টাকায় পাওয়া যাচ্ছে। সবুজ বেগুনের দাম ৬০ থেকে ৭০ টাকা, লম্বা বেগুন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেবল কাঁচা পেঁপে বাজারে কম দামে পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায়।
সবজি বিক্রেতা মো. রবিউল ইসলাম জানান, “গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম বেড়েছে, আবার বেগুনের দাম কমেছে। উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহও কম, তাই দাম বাড়ছে।”
আদা-রসুনের দামও বেড়েছে
সপ্তাহের ব্যবধানে আদা ও রসুনের দামও কেজিতে প্রায় ২০ টাকা বেড়েছে। বাজারে চায়না আদা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে, দেশি আদা ১৮০ টাকায়। দেশি রসুন ১০০ টাকা, চায়না রসুন ১৫০ থেকে ১৮০ টাকায় পাওয়া যাচ্ছে।
আদা-রসুন বিক্রেতা হাফিজুল সরকার জানান, “গত এক সপ্তাহে কিছু আদা ও রসুনের দাম ২০, আবার কিছুটাকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।”

পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল রয়েছে। পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৮৫ টাকায়, অন্য পেঁয়াজ ৭৫-৮০ টাকায়, এবং আলু প্রতি কেজি ২২-২৫ টাকায়।
মুরগি ও ডিমের দামেও ঊর্ধ্বগতি
কারওয়ানবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। এছাড়া পাকিস্তানি সোনালি মুরগি ৩২০ টাকায়, হাইব্রিড ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দামও বেশ চড়া; ফার্মের বাদামি ডিমের হালি ৪৮-৫০ টাকা, ডজন ১৪০-১৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হাঁসের ডিমের হালি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
গরুর মাংসের দাম আগের মতোই। গরু প্রতি কেজি ৭৫০-৮০০ টাকা, খাসির মাংস ১১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
