স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সালথা উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৩টায় উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান।

গ্রেপ্তার মো. খায়রুজ্জামান বাবু মোল্যা (৪৮) সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের সভাপতি। চান্দাখোলা গ্রামের বাসিন্দা বাবুর বাবা আব্দুল কুদ্দুছ মোল্যাও একসময় ইউপি চেয়ারম্যান ছিলেন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খায়রুজ্জামান বাবু মোল্যা আত্মগোপনে ছিলেন। কয়েক মাস ধরে তিনি মাঝে মাঝে গোপনে এলাকায় আসা-যাওয়া শুরু করেন।
ওসি বাবলুর রহমান খান বলেন, ইউপি চেয়ারম্যান বাবু মোল্যার বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
