স্টাফ রিপোটার : ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুুলিশ।
সম্প্রতি শহরে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে অভিযানে নামে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী এস আই নুর হোসেন জানান, গ্রেফতার হওয়া সাতজন প্রফেশনাল চোর। ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকসা চুরি করে। ওদের কাছে বিশেষ চাবি আছে যেটা যেকোন মোটরসাইকেল চালু করা যায়। এরআগেও এরা পুলিশের কাছে গ্রেফতার হয়েছে। জামিনে বের হয়ে আবারো চুরি করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদা গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদর উপজেলার ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন,আরো কয়েকজন এই চক্রের সাথে জড়িত রয়েছে। তাদের কাছে আরো একটি মোটর সাইকেলও রয়েছে। তাদের গ্রেফতারের অভিযান অব্যহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার একাধিক মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
