স্টাফ রিপোর্টার:
মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা করেছে ফরিদপুর জেলা পুলিশ।
বৃহস্পতিবার ফরিদপুরের শিবরামপুর আর ডি একাডেমি প্রাঙ্গনে বিশেষ এই সামাজিক সচেতনতামূলক সভাটি করে পুলিশ।
এ সভায় প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।
জনসচেতনতা মূলক এই সভায় পুলিশ সুপার বলেন, আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ- এই তিনটি সমস্যা বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরোদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি। এই তিনটি সমস্যার সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ সুপার আরো বলেন, “ আজকের এই সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আজ আমরা এখানে সমাবেত হয়েছি তিনটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প নিয়ে- মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ।
এসময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শিবরামপুর আর ডি একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবকবৃন্দ এবং বিশেষ করে আগামীর বাংলাদেশের কর্ণধার প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
