স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ দক্ষিণ এশিয়ার বহু গুরুত্বপূর্ণ ঘটনাকে ঘিরে নিরলস সংবাদ প্রচার করে মানুষের মনে জায়গা করে নেন প্রখ্যাত ব্রিটিশ সাংবাদিক স্যার মার্ক টালি। রবিবার ৯০ বছর বয়সে নয়াদিল্লির একটি প্রাইভেট হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বার্ধক্যজনিত কারণে কিছুদিন ধরে অসুস্থ ছিলেন টালি। গত এক সপ্তাহ ধরে সাকেতের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
টালির ঘনিষ্ঠ বন্ধু ও বর্ষীয়ান সাংবাদিক সতীশ জ্যাকব দেশের সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন, এদিন দুপুরে তিনি আমাদের মধ্য থেকে চিরবিদায় নিয়েছেন।
২৪ অক্টোবর ১৯৩৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করা টালি দীর্ঘ ২২ বছর ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিবিসির ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
বহু বছর ধরে তিনি বিবিসির ভারতের কণ্ঠস্বর হিসেবে পরিচিত ছিলেন।
সাংবাদিকতা ছাড়াও একজন বিশিষ্ট লেখক টালি। ভারতের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিস্থিতি নিয়ে ‘নো ফুল স্টপস ইন ইন্ডিয়া’, ‘ইন্ডিয়া ইন স্লো মোশন’ এবং ‘দ্য হার্ট অব ইন্ডিয়া’ সহ বহু বই লিখেছেন।
এছাড়া বিবিসি রেডিও ৪-এর জনপ্রিয় প্রোগ্রাম ‘সামথিং আন্ডারস্টুড’-এর উপস্থাপনা করেও দর্শক-শ্রোতাদের মন জয় করেন তিনি।
২০০২ সালে স্যার টালি নাইটেড হন এবং ২০০৫ সালে ভারতের সরকার তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। বিবিসি থেকে অবসর গ্রহণের পর তিনি ভারতে স্থায়ীভাবে বসবাস করতেন।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হত্যাযজ্ঞ ও বাঙালির দুর্দশার প্রকৃত চিত্র বিশ্বের কাছে পৌঁছে দিতেন মার্ক টালি। একাত্তরে মুক্তিযুদ্ধে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিশেষ ভূমিকা রাখেন তিনি।
সেই স্বীকৃতি স্বরূপ ২০১২ সালে মার্ক টালিকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয় বাংলাদেশ। একাত্তরের মুক্তিযুদ্ধ ছাড়াও পাক-ভারত যুদ্ধ, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড, রাজীব গান্ধী হত্যাকাণ্ড, শিখবিরোধী দাঙ্গাসহ অসংখ্য স্পর্শকাতর খবর বিশ্বকে জানান তিনি।
