ভাঙা: ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে বুধবার দুপুরে যাত্রীবাহী পরিবহন বাসের ধাক্কায় অপর পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শামসুন্নাহার(৪০) নামের এক মহিলা নিহত হয়। সে বরিশাল জেলার উজিরপুর উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। নিহত অপরজন এক শিশু, তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেকিং করার সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়।
খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসাথে শ্যামলী পরিবহন বাসটিকে আটক করা হয়েছে।
