স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের মধুখালীতে ঢাকাগামী বাসের সঙ্গে মাগুরাগামী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪জন। নিহত ও আহত ব্যক্তিরা সবাই মাগুরা সদর উপজেলার বাসিন্দা এবং শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁরা ফরিদপুরে রেড ক্রিসেন্টের একটি রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে ফিরছিলেন।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি সেতু-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের নাম রাব্বি (২১)। অন্য নিহত শিক্ষার্থী ও নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দুজন হলেন সাগর বিশ্বাস (২২) ও রিয়া (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী কিং ফিশার পরিবহনের একটি বাসের সঙ্গে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা কয়েকজন হতাহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ তাঁদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অ্যাম্বুলেন্সে ছয় থেকে সাতজনের একটি দল ছিল। তাঁরা ফরিদপুরে রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে মাগুরায় ফিরছিলেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এবং অ্যাম্বুলেন্সে থাকা সবার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে কানাইপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
ফরিদপুরের করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
