স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের হলিডে মার্কেটের উদ্যোগে তিন দিনের রামাদান ফেস্ট ও গণ ইফতারের আয়োজন করা হয়েছে। ইউনাইটেড ফরিদপুর এই ব্যতিক্রমী উৎসব ও কর্মসূচির আয়োজন করে।
ফরিদপুর শহরের ব্রহ্ম সমাজ সড়কে অর্ধশতাধিক স্টল ও ছাতার নিচে বিভিন্ন রকমের ঈদ সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের পসরা সাজিয়ে মেলা শুরু হয়েছে আজ শুক্রবার, এই মেলা চলবে রবিবার পর্যন্ত।
দেড় বছর ধরে শুরু হওয়া ফরিদপুরের নারী উদ্যোক্তাদের হলিডে মার্কেট বসে পৌরসভার এই সড়কে প্রতি শুক্রবার। তাদের বহুমুখী আয়োজনের অংশ হিসেবে এই রমাদান ফেস্ট ।শুরুর দিনে দের সহস্রাধীক মানুষকে ইফতার খাইয়ে গণ ইফতার কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুরের ৫০ জন নারী উদ্যোক্তার আয়োজনে এই মেলা ইফতারির পর কানায় কানায় পূর্ণ হয়। নানা বয়সের হাজারো মানুষ কেনাকাটা করতে ভিড় করেন সেখানে। বিভিন্ন মার্কেটের অতিরিক্ত ভিড় এড়িয়ে খোলামেলা জায়গায় স্বাচ্ছন্দে কেনাকাটা করছেন তারা।
মেলায় অংশ নেয়া স্টল বী-হাটের স্বত্বাধিকারী উদ্যোক্তা উম্মে হাবিবা মৌ জানান, তার উৎপাদিত আখের গুড়, কলোজিরার মধুর পাশাপাশি নানান ধরনের খাবার আইটেম রয়েছে। রামাদান ফেস্টিভ্যালে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে তার পণ্য।
হলিডে মার্কেটের মুখপাত্র লুবাবাতুল জান্নাত বলেন, ফরিদপুরে এমন আয়োজন এই প্রথম । ফরিদপুরের এই ব্যতিক্রমী উদ্যোগ সারা দেশের উদ্যোক্তাদের মাঝে সাড়া ফেলে দিয়েছে। আমরা মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি। স্টল গুলোতে যে পরিমাণ দর্শনার্থী কেনা কাটা করতে আসছেন তা অভাবনীয়।
