স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণ করার অভিযোগে দায়ের করা মামলার আসামি সুজন শেখকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর একটি দল।
শুক্রবার বিকেল চারটার দিকে ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সুজন শেখ ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকার বাসিন্দা মৃত হালিম শেখের ছেলে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ঢাকার হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত গত ২ এপ্রিল সকাল ৯ টার দিকে আসামি সুজন শেখ ওই বিধবাকে ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার পুরাতন বাসস্ট্যান্ডের কাছে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে। ভিকটিম অসুস্থ অবস্থায় বাড়িতে ফিরলে তার পরিবারের লোকজন তাকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ধর্ষণের শিকার বিধবা ওই নারী বাদী হয়ে গত ৮ এপ্রিল (বুধবার) নারী ও শিশু নিযাতন দমন আইনে ধর্ষণের অভিযোগে সুজন শেখকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়ের করে।
