দেশের ভ্যাট ব্যবস্থায় যে পরিমাণ অব্যাহতির সুযোগ রয়েছে এবং যে পরিমাণ কর ফাঁকি দেওয়া হয়েছে, তাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২২-২৩ অর্থবছরে ১ লাখ ৮৮ হাজার কোটি টাকা ‘হারিয়েছে’ বলে ধারণা মিলেছে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) এক গবেষণায়।
মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ গবেষণার ফলাফল তুলে ধরে বেসরকারি এ গবেষণা সংস্থা।
সিপিডির জ্যৈষ্ঠ গবেষণা সহযোগী তামীম আহমেদ বলেন, “আমরা যেটা করেছি, ইফেক্টিভ রেট (ভ্যাটের কার্যকর হার) বের করেছি, যেটা আসছে ১১ দশমিক ৭ শতাংশ।
আমরা দেখেছি, আমাদের একচুয়াল ভ্যাট আদায় কত আসা উচিত। মানে ভ্যাট আদায় যত হয়েছে সেটা বাদ দেওয়ার পরেও সেখানে আমরা দেখতে পাচ্ছি, ১ লাখ ৮৮ হাজার কোটি টাকার মত আসছে।”
গবেষণায় দেখানো হয়েছে, ২০২২-২৩ অর্থবছরে এনবিআর আদায় করেছে ১ লাখ ৩২ হাজার ০৩৬ কোটি টাকা। তবে সে সময়ে ভ্যাট বাবদে ৩ লাখ ২০ হাজার ১১৭ কোটি টাকা সরকারের কোষাগারে আসার ‘সম্ভাবনা’ ছিল।
বাকি অর্থ কর ফাঁকি ও অব্যাহতির জন্য এনবিআর ‘হারিয়েছে’ বলে গবেষণায় তুলে ধরা হয়েছে।
