স্টাফ রিপোর্টার :
ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নে পদ্মা নদীর তীব্র ভাঙনে ভিটেমাটি হারানো ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নর্থচ্যানেল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সহায়তা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
কর্মসূচিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চাল ও নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দুর্যোগ ও সংকটের প্রতিটি মুহূর্তে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। নদীভাঙনে অনেক মানুষ ভিটেমাটি হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন। তাদের পুনর্বাসন ও চিকিৎসাসহ প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্যও।
এ সময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
