স্টাফ রিপোর্টার:
ধর্ম-বর্ণের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
তিনি বলেছেন, ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকা যাবে না। জাতি হিসেবে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হলে পারস্পরিক ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চৌধুরী নায়াব ইউসুফ এমপি বলেন, “আমরা ধর্মের বিভেদ টেনে আর পিছিয়ে থাকব না। ধর্ম-বর্ণের পার্থক্য খুঁজে আর কখনোই ভেদাভেদ তৈরি করবেন না। জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে রয়েছি। আমরা আর উন্নয়ন থেকে বঞ্চিত থাকতে চাই না।”
তিনি আরও বলেন, “আমরা যদি এসব কারণে আরও অনগ্রসর হই, তাহলে আমাদের অন্ধকার যুগে চলে যেতে হবে। আমাদের এখন দেশ গড়ার সময়, উন্নয়ন করার সময়। মানুষের মধ্যে জ্ঞানের আলো দিয়ে আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে তরুণ প্রজন্মের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জ্ঞান, শিক্ষা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন। অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর উম্মে হাবিবা সুলতানা প্রমুখ।
নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
