স্টাফ নিপোর্টার:
ফরিদপুর পৌরসভার মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। এ সময় প্রধান অতিথি বলেন, মশক নিধনে শুধু পৌর কর্তৃপক্ষকে চাপ দিলে চলবে না, নাগরিকদের কেউ সচেতন হতে হবে। তবেই আমরা এর থেকে মুক্ত হতে পারব।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (মডেল স্কুল) মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল আজম, সিভিল সার্জন মাহমুদুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মেশকাতুল জান্নাত রাবেয়া, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফরিদপুর পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে শহরে মশার উপদ্রব অনেক বেড়ে গেছে। ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। এ জন্য বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং মশার বংশ বিস্তারস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন রাখতে নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও জানান, রাস্তা ও জনসাধারণের স্থান দখলমুক্ত রাখতে পৌরসভা পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করবে।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ পার্শ্ববর্তী একটি পুকুর পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
