স্টাফ রিপোর্টার:
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কানাইপুর এলাকার বসুনরসিংহদিয়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— বসুনরসিংহদিয়া গ্রামের বাসিন্দা মিজান মোল্লা ওরফে রাঙ্গা কানা (৪২), তার স্ত্রী নাজমিন (৩২) এবং নুরুন্নাহার বেগম (৩২)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ ও ২ নম্বর আসামির নিজ বসতঘরে তল্লাশি করা হয়। এ সময় একটি সিনথেটিক বাজারের ব্যাগের ভেতর পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই কক্ষে অবস্থানরত নুরুন্নাহার বেগমের হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে আরও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
