স্টাফ রিপোর্টার:
ফরিদপুর সদর উপজেলার সিএন্ডবি ঘাট এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ থেকে চিহ্নিত মাদক কারবারিদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) জুমার নামাজের পর কয়েকশ বিক্ষুব্ধ এলাকাবাসী লিও পেট্রোল পাম্প সংলগ্ন মিলনী, লাবু ও বাবুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
জানা গেছে, জুমার নামাজ শেষে স্থানীয়রা সিএন্ডবি ঘাট বেরিবাঁধ এলাকার লিও পেট্রোল পাম্পের সামনে জড়ো হতে থাকেন। পরে দুপুর আড়াইটার দিকে কয়েকশ মানুষ সেখানে একত্রিত হন। একপর্যায়ে তারা পাম্পসংলগ্ন ওই তিন ব্যক্তির বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের শান্ত করার চেষ্টা করে এবং হামলা থেকে বিরত থাকার অনুরোধ জানায়। তবে পুলিশের বাধা উপেক্ষা করেই কিছু সময় ধরে বাড়িঘর ভাঙচুর করা হয়।
পরে স্থানীয় ব্যবসায়ী রুবেল হাসান দুলাল অভিযুক্তদের পরিবারকে ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়ার আলটিমেটাম দেন। সমাবেশে ব্যবসায়ী রুবেল হাসান দুলাল, ট্রাক ইউনিয়ন নেতা নাদিম হোসেন ও দুলাল হোসেন বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করেন, মিলনী, লাবু ও বাবু পরিবারের অন্তত ছয়জন সদস্য দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাদের দাবি, মাদকের কারণে এলাকার যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় পরিবহন শ্রমিকদের অনেকে উপার্জনের অর্থ মাদকের পেছনে ব্যয় করছেন। বিভিন্ন সময়ে তাদের মাদক কারবার বন্ধের চেষ্টা করা হলেও কার্যকর ফল পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে না গেলে আগামী রবিবার স্থানীয়রা নিজেদের উদ্যোগে তাদের উচ্ছেদের চেষ্টা করবেন।
এদিকে, এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।
