স্টাফ রিপোর্টার:
ফরিদপুর শহরের কোতোয়ালী থানার পূর্ব গোয়ালচামট খোদাবক্স রোড এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পূর্ব গোয়ালচামট এলাকার বাসিন্দা সুমন বিশ্বাস (৩৭)। বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানের সময় সুমন বিশ্বাসের নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত জব্দ করে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী ২০২০) এর সংশ্লিষ্ট ধারায় উপপরিদর্শক মুহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বেলায়েত হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে তাদের এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
তিনি জানান, উল্লেখিত ঘটনায় উপ পরিদর্শক সাঈদ রহমান বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।
