মাদারীপুর :
মাদারীপুরের কালকিনি উপজেলায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার বিকালে শিশুটিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান।
পরিবারের বরাতে পুলিশ জানায়, সোহাগ শিকদার নামে এক ব্যক্তি শুক্রবার শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে অচেতন করে ধর্ষণ করে। তিন ঘণ্টা পর শিশুটির জ্ঞান ফেরে। তখন বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে হুমকি দেওয়া হয়। বাড়ি এসে ঘটনাটি শিশু তার মাকে জানায়।
রোববার দুপুরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বিকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা বলেন, “আমরা বিষয়টি নিয়ে থানা-পুলিশ করতে চাই না। তাহলে সোহাগ ও তার লোকজন আমাদের মেরে ফেলবে। আমার ছেলেদেরও মেরে ফেলবে। আমরা খুব ভয়ে আছি। এ ঘটনার বিচার পাব কিনা তাও জানি না।”
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিহাব চৌধুরী বলেন, “শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হয়েছে। গাইনি চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর মেডিকেল টিম গঠন করে প্রতিবেদন দেওয়া হবে।”
