স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পিরেরচর সিসি রাস্তা ও আরএইচ হাটখোলা সড়ক উন্নয়ন প্রকল্পে ধীরগতি ও নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের জানুয়ারিতে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো কাজ পুরোপুরি শেষ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯ জানুয়ারি দরপত্রের মাধ্যমে প্রকল্পটির কার্যাদেশ পায় মো. হাবিবুল আলম ও মো. সাইদুর রহমান জেভি।
স্থানীয়দের দাবি, কাজের গতি অত্যন্ত ধীর এবং নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে নির্মাণাধীন সড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, দরপত্র অনুযায়ী শুধুমাত্র সিমেন্ট কংক্রিট ব্যবহারের কথা থাকলেও কাজে ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে।
এদিকে প্রকল্পের অনিয়মের তথ্য ও ফুটেজ সংগ্রহ করে ফরিদপুরে ফিসে আসে দেশ টেলিভিশনের ফরিদপুর প্রতিনিধি আনিচুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, গত ২০ মে বিকেলে তাকে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ ও অর্থের প্রলোভন দেখানো হয়। এতে রাজি না হওয়ায় ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন এলাকায় তার ওপর হামলা চালানো হয়। পরে হাসপাতালের কর্মীরা তাকে উদ্ধার করেন।
তবে নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন ভাঙ্গা উপজেলা প্রকৌশলী। তিনি জানান, কাজের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং মান নিয়ন্ত্রণের বিষয়টি তদারকি করা হচ্ছে। কোনো অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
