স্টাফ রিপোর্টার:
কাযক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৯৮১ সালে দেশে ফেরার দিনে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফরিদপুরে মিছিল করেছে কাযক্রম নিষিদ্ধ জেলা যুবলীগের নেতাকর্মীরা।
রবিবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুর শহর সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর শহর নুরু মিয়া বাইপাস সড়কে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের একটি ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমান ফারহানের নেতৃত্বে এ মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু’ র) সাবেক ভিপি কাওসার আকন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেবাশীষ নয়নসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ‘অমিও সরকার’ নামের এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতাকর্মীরা একটি ডিজিটাল পিভিসি ব্যানার নিয়ে ওই সড়কের পাশ দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।
ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা’ এবং ইংরেজিতে ‘বাংলাদেশ রাইজ এগেইন’ লেখা ছিল। ভিডিওর শেষাংশে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমন্ডলীর সদস্য মুজিবর রহমান নিক্সন চৌধুরীর নামেও স্লোগান দিতে শোনা যায়। মিছিলের সময় মহাসড়কের পাশ দিয়ে সাধারণ যানবাহন ও পথচারীদের চলাচল করতে দেখা গেছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, শহর বা এর আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও আমরা দেখেছি। রাতের ঘটনা হওয়ায় প্রাথমিকভাবে ভিডিওটি দেখে স্থানটি চিহ্নিত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
উল্লেখ্য, ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ছয় বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরেছিলেন শেখ হাসিনা। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্য নির্মমভাবে নিহত হওয়ার পর তৎকালীন নির্বাসিত জীবনেই ১৯৮১ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত কাউন্সিলে শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়েছিল।
