স্টাফ রিপোটার :
শুক্রবার সন্ধায় ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ যেন এক অনন্য ভালোবাসা, সম্প্রীতি ও মানবিকতার প্রাণস্পন্দনে মুখর হয়ে ওঠে। পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর-এর উদ্যোগে আয়োজিত হয় শ্রমজীবী মানুষদের সম্মানে এক আন্তরিক ইফতার মাহফিল।
প্রতিবছরই এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় এ বছর ৯ম রমজানে এই আয়োজন সম্পন্ন হয়।
দিনভর রোজা রাখার পর সন্ধ্যার আগে থেকেই সরকারি রাজেন্দ্র কলেজের মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষ। রিকশাচালক, দিনমজুর, ভ্যানচালক, নির্মাণ শ্রমিক সহ নানা পেশার মানুষের উপস্থিতি এবং আয়োজকদের আন্তরিকতা ও ভালোবাসায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।
শতাধিক শ্রমজীবী মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন। উজ্জ্বল বিশ্বাস নামে একজন রিকশাচালক বলেন, “এমন আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। এভাবে এতো মানুষ একসাথে বসে ইফতারি অনেক দিন পরে করলাম”।
আয়োজনে উপস্থিত ছিলেন সমকাল সুহৃদ সমাবেশের সাবেক সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ। তিনি বলেন, “সবাই একই কাতারে বসে ইফতার করার মাধ্যমে ধনী-গরিব ভেদাভেদ ভুলে এক অনন্য সাম্যের বার্তা ও সাম্প্রতিক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। সুহৃদ সমাবেশের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার।”
ইফতার মাহফিলে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর-এর সভাপতি হারুনার রশিদ। তিনি বলেন, “রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার মাস। এই মাস আমাদের শেখায় সহমর্মিতা, ত্যাগ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা।” আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতুর নেতৃত্বে ও সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলামের ব্যবস্থাপনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন শিক্ষক সাহানা জলি, শামীমা শিমু, প্রভাত সিং, সাংবাদিক মফিজুর রহমান শিপন, অপূর্ব অসীম, হারুন আর রশীদ, সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুরের সহ-সভাপতি মিরান ফকির, কোষাধ্যক্ষ শামীমা নাছরিন শিমু, দীপ্ত মন্ডল, সালেহা আক্তার, জিয়াউর রহমান, রুবিনা মনসুর সেতু সহ সুহৃদরা।
