নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সদর থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৮ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) রাতে এখন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।
অভিযোগপত্রে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্বশুর ফয়েজ উদ্দিন লাভলু, শামীম ওসমানের শ্যালক তানভীর রহমান টিটু, শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, জাকিরুল আলম ভূঁইয়া হেলাল, অয়ন ওসমানের শ্যালক মিনহাজুল ইসলাম ভিকিসহ ৪৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।
গত বছরের ২১ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সিদ্ধিরগঞ্জের শিমরাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল লতিফ নামে ৪০ বছর বয়সী রিকশাচালক। পরে তার বাবা মো. নেজাবুদ্দিন ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
