স্টাফ রিপোর্টার:
হামের উপসর্গ নিয়ে তানহা নামের ১৮ মাস বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
এ নিয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
এদিকে ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তানহাকে। তানহা বোয়ালমারী উপজেলার হাসানদিয়া গ্রামের দ্বীন ইসলামের সন্তান।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৬২ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। বর্তমানে বিভিন্ন সরকারি হাসপাতালে আক্রান্ত ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের অধিকাংশই শিশু।
এ স্বাস্থ্য কর্মকর্তা বলেন, “হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে দাগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।”
