স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ বুধবার (বুধবার, ১৮ মার্চ)। ফলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ রাতে সৌদি আরবের রাজকীয় সুপ্রিম কোর্ট এ আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের বিভিন্ন প্রান্তে উন্নত প্রযুক্তির টেলিস্কোপ ও বিশেষজ্ঞ দল নিয়ে চাঁদ দেখার প্রচেষ্টা চালানো হলেও বিরূপ আবহাওয়া-বিশেষ করে মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে কোথাও চাঁদ দেখা সম্ভব হয়নি।
ফলে আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজান মাসের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার ১লা শাওয়াল ঈদুল ফিতর পালন করবে সৌদি আরব।
দেশটির চাঁদ দেখা কমিটি নির্ধারিত বৈঠক শেষে জানিয়েছে, আজ চাঁদ দেখা না যাওয়ায় এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। চন্দ্র পর্যবেক্ষণের মাধ্যমে নতুন মাস শুরুর ইসলামী বিধান ও ঐতিহ্য মেনেই এই ঘোষণা দেওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় ঘোষণা করেছিল যে, বেসরকারি এবং অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটি আজ বুধবার (১৮ মার্চ) রাত থেকেই শুরু হবে। সৌদি শ্রম আইনের বিধান অনুযায়ী, এই ছুটি টানা চার দিন পর্যন্ত চলবে।
