স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে সেকেন্দার মল্লিক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুর উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন।
বুধবার সকালে জেলার স্বাস্থ্য বিভাগ থেকে প্রেরিত প্রেস নোটে জানানো হয়, ৭ সেপ্টেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় সেকেন্দার নামের এক ব্যক্তি মৃত্যু হয়।
নিহত সেকেন্দারের বাড়ি মাদারিপুর জেলার রাজৈর উপজেলায়। তিনি গত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৬ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়।
এদিকে ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি সময়ে ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৩৪৪জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২৮২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছে চার জন রোগী।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরো এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে বাড়ির আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং দিনের বেলাতেও মশারি বা মশা প্রতিরোধী ব্যবস্থা ব্যবহারের পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জ্বর হলে পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরীক্ষা ও চিকিৎসা নেওয়া জরুরী।
এদিকে জেলা প্রশাসক মো: মাজহারুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে।
এছাড়াও জেলা স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসন ও পৌরসভা যৌথভাবে মশার প্রজননস্থল ধ্বংসে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।
