স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় জেলার ভাঙ্গা, কোতয়ালী ও নগরকান্দা থানার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদক নারীসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। । এসব অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়, যারা জেলার বিভিন্ন এলাকায় সক্রিয় মাদকচক্রের বিস্তৃত নেটওয়ার্ক হিসেবে কাজ করছিল
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জেলার ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের দিকনির্দেশনায় উপরিদর্শকরা (এসআই) পর্যায়ের একাধিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করেছে।
রবিবার (১২ এপ্রিল) ভাঙ্গা থানাধীন পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা বেগম (৪৫) নামে এক নারীকে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এর আগে শনিবার কোতয়ালী থানার দক্ষিণ আলীপুর এলাকায় পরিচালিত অভিযানে জুটন (৩১), জুবায়ের শেখ (২০) ও সাথী বেগম (৫৫)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬১ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
একই দিনে নগরকান্দা থানার কুঞ্জুনগর এলাকায় অভিযান চালিয়ে মহসিন শেখ বাবুকে (৩০) ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগী শেখ জাফরের ঘর থেকে আরো ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে তিনি পলাতক রয়েছেন।
অপরদিকে, আজ রবিবার ভাঙ্গা থানার মানিকদহ কালিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে শিমুল চক্রবর্তী মনা (৪১) ও ওয়াসিম ঘোষকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ (মোট ১৫০০ মিলিলিটার) এবং ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে ডিবি ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন,
ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে মাদক কারবারিদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনি বলেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল। আমরা এ ধরনের চক্র ভেঙে দিতে বদ্ধপরিকর। মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেপ্তারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
