স্টাফ রিপোর্টার:
ভারত ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে সিআইআইয়ের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় পৌঁছেছে।
দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার সুযোগ অন্বেষণের লক্ষ্যে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি উচ্চ পর্যায়ের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদল ১৭ আগষ্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করছে।
সিআইআই-এর মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জীর নেতৃত্বে এই প্রতিনিধিদলে ১৪ জন ব্যবসায়ী নেতা রয়েছেন, যাঁরা ভারত বায়োটেক, ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ, অরবিন্দ লিমিটেড, এলএমডব্লিউ গ্লোবাল, মাহিন্দ্রা গ্রুপ, লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি), ফোর্বস মার্শাল, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, অ্যাপোলো হসপিটালস এবং ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন-সহ বিভিন্ন বিশিষ্ট ভারতীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। প্রতিনিধিদলে সিআইআই সচিবালয়ের কর্মকর্তারাও রয়েছেন।
এই সফরকালে প্রতিনিধিদলটি বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির; অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বৈঠকগুলো দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ শক্তিশালীকরণ, ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অন্বেষণের বিষয়ে মতবিনিময়ের সুযোগ করে দেবে।
প্রতিনিধিদলটি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর সাথে একটি মধ্যাহ্নভোজ সভায়ও অংশগ্রহণ করবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। মধ্যাহ্নভোজ চলাকালীন প্রতিনিধিদলটি বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প প্রতিনিধিদের সাথে মতবিনিময় করবে।
এই সফরের লক্ষ্য হলো ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতা সম্প্রসারণের সুযোগ অন্বেষণ করা। সফরকালীন আলোচনায় পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুবিধার বিষয়গুলো সমাধান, সহযোগিতার উদীয়মান ক্ষেত্রগুলো চিহ্নিতকরণ এবং দুই দেশের ব্যবসার মধ্যে বৃহত্তর সম্পৃক্ততা সহজতর করার উপরও আলোকপাত করা হবে।
