স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোনো প্রার্থীকেই চূড়ান্ত করেনি জানিয়ে দলের পক্ষ থেকে বলা হয়েছে সামাজিক মাধ্যমে যে তালিকাটি ছড়িয়েছে সেটি ভুয়া বা সঠিক নয়।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আগামী ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের ঘোষণা দিয়েছে, তার প্রস্তুতি হিসেবে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলছে। তবে কোনো আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করা হয়নি।
তবে সংবাদ মাধ্যমে বিভিন্ন নেতাদেরকে সবুজ সংকেত দেওয়ার দাবি করা হচ্ছে, কোনো কোনো নেতা ও তার অনুসারীরা সামাজিক মাধ্যমে মনোনয়নের নিশ্চয়তা পাওয়ার দাবি করছেন। এলাকায় এলাকায় নানাভাবে জনসংযোগও চলছে।
বিএনপির বিজ্ঞপ্তিতে লেখা হয়, “৩০০ আসনে দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে— এমন একটি তালিকা কয়েকদিন ধরে ফেসবুকে ঘুরছে যা নজরে এসেছে বিএনপির হাইকমান্ডের।”
এই তালিকা ছড়িয়ে দেওয়ার কাজটি ‘কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহলের’ বলে মন্তব্য করে রিজভী বলেন, “তালিকাটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”
তালিকাটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি জানিয়ে রিজভী বলছেন, “বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।”
