স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের সদর উপজেলার ডিক্রীরচর ইউনিয়নস্থ সিএন্ডবি ঘাট বন্দর এলাকায় সুনামধন্য মেসার্স লাকী ট্রান্সপোর্ট-এ কর্মরত মোঃ সাইদ শেখ (৪১) এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও জালিয়াতী করে প্রতিষ্ঠান থেকে প্রায় কোটি টাকা আত্মসাৎ করে সরে পড়ার অভিযোগ উঠেছে। টাকা আত্মসাতের বিষয়ে প্রতিষ্ঠানটি অভিযুক্ত মোঃ সাইদ শেখ-কে আইনগত প্রক্রিয়ায় বারবার উকিল নোটিশ ও প্রতিষ্ঠানের হিসাব বুঝিয়ে দেবার অনুরোধ জানালেও তা তিনি তোয়াক্কা করেননি।
গত ১২/০৭/২০২৫ইং তারিখ আলাউদ্দিন গ্রুপ প্রশাসনিক কর্মকর্তা এস.এম. নুরুল ইসলাম কারণ দর্শানো নোটিশ প্রেরণ করেন। তাতেও কোন কাজে না আসলে পরবর্তীতে প্রতিষ্ঠানটি স্থানীয় ও জাতীয় পর্যায় প্রতিষ্ঠানের স্বার্থে উল্লেখিত সাইদের সাথে কোন রকম ব্যবসায়িক লেনদেন না করার বিজ্ঞপ্তি প্রদান করেন। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১নং আমলী আদালত, ফরিদপুর-এ ১। মোঃ সাইদ সেক (৪১), ২। মোঃ হুমায়ুন কবির (৫২) এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কোতয়ালী থানা সিআর ৯৯৫/২৫, তারিখ: ০৭/১০/২০২৫ কোম্পানীর পক্ষে সুস্মিথ বিশ^াস মন্টি (৩০) দায়েরকৃত অভিযোগের নালিশে উল্লেখ করেন অভিযুক্ত মোঃ সাইদ শেখ, মোঃ হুমায়ুন কবির, মোঃ সাইদুর রহমান, নুরু মিয়া লাকী ট্রান্সপোর্টে, ম্যানেজার, হিসাবরক্ষক ও ক্যাশিয়ার পদে কর্মরত ছিল। এই প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান বাংলাদেশের একজন সুনামধন্য ব্যবসায়ী।
সম্প্রতি কোম্পানীর আভ্যন্তরীন অডিট শুরু হলে পরিলক্ষিত হয় ০১/০১/২০২৩ ও ২৯/০৫/২০২৫ এর মধ্যে কোম্পানীর হিসাব থেকে ৮৭,২৭,৪১৩/- টাকা কোনরূপ মিল পাওয়া যায় না।
অভিযোগের বিষয়ে বন্দর এলাকায় অনুসন্ধানে গেলে সিএন্ডবি ঘাট এলাকার অনেক শ্রমিক বলেন, সাইদ লাকী ট্রান্সপোর্টের চাকুরী করতো। এখন দেখি নিজেই ট্রান্সপোর্ট খুইলা বইছে। বিশাল বাড়ী করছে। নৌবন্দর এলাকায় নোঙর করা মালবাহী একটি জাহাজের শ্রমিক জানান ছোয়া এন্টারপ্রাইজ এর সাইদ ৩ কার্গো থেকে চাউল আনছে যশোর ভোমরা থেকে চাঁদপুর পাঠানোর জন্য।
অর্থ আত্মসাতের অভিযোগ বিষয়ে সাইদের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, আমি লাকী ট্রান্সপোর্টে চাকুরী করতাম প্রতিদিনের ক্যাশ বুঝিয়ে দিতাম। পারিবারিক সমস্যার কারনে আমি চাকুরী ছেড়ে দেই। কোম্পানীর কোন অর্থ আত্মসাৎ করিনি আমি। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।
